মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগ থেকে পদত্যাগ করছেন প্রধান তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত স্বামীর পাশে থাকার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড লিখেছেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দিতে পারা তার জন্য সম্মানের বিষয় ছিল।

তবে স্বামী আব্রাহামের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি তার স্বামী বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সামনে তাকে বড় ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

গ্যাবার্ড আরও লেখেন, এই মুহূর্তে জনসেবা থেকে সরে দাঁড়িয়ে স্বামীর পাশে থাকাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন। তিনি বলেন, তার স্বামী সবসময় তার শক্তির উৎস ছিলেন এবং এই কঠিন সময়ে তাকে পূর্ণ সমর্থন দিতে চান।