শিক্ষার গুণগত মানোন্নয়নে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ ও যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রধান ক্যাম্পাসে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেন্টারে বাউবি ও কানাডাভিত্তিক কমনওয়েলথ অব লার্নিংয়ের (সিওএল) আওতাধীন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়ার (সিইএমসিএ) যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান লক্ষ্য ছিল অংশীজনদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার আলোকে শিক্ষাগত চাহিদা নির্ণয় এবং আধুনিক, চাহিদাভিত্তিক ও মানসম্মত কারিকুলাম প্রণয়নের জন্য কার্যকর সুপারিশ তৈরি করা।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পরিবর্তিত কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম প্রণয়ন করা এখন সময়ের দাবি। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রণীত কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. আনিসুর রহমান ও প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। কর্মশালায় অনলাইনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন সিইএমসিএ-সিওএল-এর পরিচালক ড. বি. সাদরাক এবং সিইএমসিএ-এর ভারতের কনসালট্যান্ট মিস নাবিলা আতা। তারা আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শিক্ষাক্রম উন্নয়নে অংশীজন পরামর্শের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. আব্দুল মজিদ মন্ডল, স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এর ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক মো. আমিরুল ইসলাম বিভিন্ন অংশীজন প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।